পদ্ম গাছ নিয়ে মানুষের কিছু ভুল ধারণা – চতুর্থ পর্ব।

১. টিউবার হাতে পেলেই বসিয়ে ফেলতে হয়।
– অনেকেই এটা করেন , হয়তো না জেনেই করেন। খুব ভুল করেন এটা ।
টিউবার ভালো করে স্প্রাউট না করিয়ে মাটিতে দিয়ে দিলে অনেক সময় পচে নষ্ট হয়ে যায়। পরিষ্কার জলে ভাসিয়ে যেখানে ভালো আলো পাবে সেখানে রাখুন , ভালোভাবে স্প্রাউট করে গেলে তবেই মাটিতে দিন। তবে স্প্রাউটেড টিউবার কিনলে বা রানার কিনলে সঙ্গে সঙ্গে বসিয়ে ফেলাই ভালো।
অনেকে আবার স্প্রাউট করাচ্ছেন তোহ করাচ্ছেন , খুব বেশিদিন জলে ভাসিয়ে রাখলে আবার টিউবার নষ্ট হয়ে যায়। ঠিক কোন সময়টা বসানোর জন্য উপযুক্ত সেটা আপনার সেলারের থেকে জেনে নিন।
২. টিউবার গামলার ধার ঘেঁষে বসাতে হয়।
– কিচ্ছু যায় আসে না। যেভাবে ইচ্ছা বসান, রানার বেড়ে গামলার ধারে নিজে থেকেই চলে যাবে।
৩. ট্রপিক্যাল ভ্যারাইটি বেশি ফুল দেয়।
– আমারি ক্যামেলিয়া, ইয়োলো প্রর পিঙ্ক এগুলো হার্ডি ভ্যারাইটি। কেমন ফুল দেয় যারা জলের গাছ করেন সবাই জানেন। হার্ডি , ট্রপিক্যাল নিয়ে মাতামাতি না করে ভালো ফুল দেয় কিনা সেটা জেনে কিনুন। কিছু ট্রপিক্যাল আবার মনসুন ব্লুমার , ওরা বৃষ্টির জল না পেলে ফুল দেয় না। এগুলো মার্চে বসালে জুলাই পর্যন্ত খালি পাতা দেখেই কাটাতে হবে ।
৪. দামী ভ্যারাইটি মানেই দারুন ফুল দেবে ।
– নতুন ভ্যারাইটি গুলোর দাম বেশি হয় , নতুন ভ্যারাইটি কেমন ফুল দেবে সেটা বছর দুয়েক না গেলে ঠিক ভালোভাবে জানা যায় না। অনেক নতুন ভ্যারাইটি শুরুর দিকে বিশাল হাইপ তুলে বাদে ফ্লপ করেছে । এরকম ভুরি ভুরি উদাহরণ আছে ।
আপনি নতুন জলবাগানী হলে টাইম টেস্টেড ভ্যারাইটি গুলো নিন , যেগুলো বহু বছর ধরে আছে আর বহু বছর ধরে নাগাড়ে ফুল দিয়ে যাচ্ছে। অনেক দাম দিয়ে নতুন ভ্যারাইটি নিলে পস্তাতে পারেন।
৫. বেশি সার পেলে রানার পচে যায়।
– পদ্মের গামলা রিপট করতে গেলেই দেখবেন সব রানার মাটি ছেড়ে গোবর সার এর লেয়ারে গিয়ে মহানন্দে শুয়ে আছে! এবার নিজেই ভাবুন কোনটা ঠিক!
৬. যেকোনো ভ্যারাইটি যেকোনো সময় বসানো যায়।
– ভুল । সুপার লোটাস একটা অসাধারন ভ্যারাইটি , মার্চে বসান , ঝামেলা করবে। জুন এর পনেরো তারিখে বসান , ম্যাজিক দেখবেন।
৭. মার্চেই নতুন গাছ বসাতে হয় ।
– ভুল । আমি সারা বছর গাছ বসাই, এমনকি শীতকালেও গাছ বসাই। তবে ঋতু ভেদে গাছ বসানোর পদ্ধতি একটু আলাদা। আপনারা নিশ্চিন্তে মার্চ থেকে সেপ্টেম্বর নতুন গাছ বসাতে পারেন। শীতকালে গাছ বসালে এক্সপার্ট কারো গাইডেন্স নিয়ে বসান।
৮. সেলার কে তাতে কি যায় আসে। ভ্যারাইটি যদি ঠিক থাকে তাহলে সেলারে কি যায় আসে ।
– “বুচা” একটা অসাধারন ভ্যারাইটি , তবে সব সেলারের “বুচা” কিন্তু এক না। কেনো না , সেটা বলতে গেলে রামায়ণ লিখতে হয় । “গ্রীন অ্যাপল” কারো কাছে সেনসিটিভ , বাঁচতে চায় না আবার কারো কাছে হেলায় ফেলায় ফুল দেয়। মিরাকেল আর পিরাকেল এর মধ্যে তফাৎ একমাত্র ব্লুমিং ক্যাপাসিটিতে, কার কাছে মিরাকেল আছে আর কার কাছে পিরাকেল আছে , অনেকে নিজেরাও জানে না। নমো, থামো , লক্ষ্মী নিয়ে তো আলাদাই গল্প আছে ।
কেনো এরকম হয়? বলতে গেলে অনেক কিছু বলতে হয়। বললেই ঝামেলা।
যেকোনো মার্কেটের মতো জলের গাছের মার্কেটেও ভেজাল আছে। তাই যাকে বিশ্বাস করেন এরকম কারো থেকে গাছ কিনুন। এবার কাকে আপনি বিশ্বাস করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যাক্তিগত ব্যাপার।
আমি নিজে কাউকে বিশ্বাস করি না, অবিশ্বাস ও করি না । একই ভ্যারাইটি পাঁচজন রেপুটেড সেলার এর থেকে নিয়ে গাছ করে যেটা সবথেকে ভালো সেটা রেখে বাকিগুলো রিজেক্ট করে দি।
৯. অনলাইনে না কিনে লোকাল নার্সারী থেকে দেখে শুনে কিনে নেওয়াটাই তো ভালো !
– একদমই তাই। এটা করতে পারলে তো সোনায় সোহাগা। তবে পশ্চিমবঙ্গ কেনো , সারা ভারতবর্ষেই নার্সারী গুলোতে এই গাছ খুব একটা রাখে না । কেনো রাখে না , তার কিছু স্পেসিফিক কারণ আছে। প্রধান সমস্যা টিউবার সংরক্ষণ , এটা সারা ভারতবর্ষে হাতে গোনা কজন বাদে কেউ জানে না , যারা জানে তারা বলে না কাউকে ( এর মধ্যে আমি একজন) । এটা জেনে গেলেই দেখবেন নার্সারী গুলোতে শয়ে শয়ে পদ্ম গাছ দেখতে পাচ্ছেন।
লোকাল নার্সারীতে তাই ফুল সহ গাছ কিনতে চাইলেও পাবেন না । তাই অনলাইনই ভরসা!
আমার শুধু জলের গাছের নার্সারী রেডি হচ্ছে। জুনের এক তারিখ থেকে এসে ফুল সমেত গাছ পট শুদ্ধু কিনে নিয়ে যেতে পারবেন।
১০.পদ্ম গাছ খুব সহজেই হয় ।
– সত্যি কথা …..তবে যদি ঠিক ভ্যারাইটি , ঠিক জায়গায় , ঠিকঠাক মিডিয়াতে বসান …তবেই। কি ভ্যারাইটি, কিরকম জায়গায় ,কিভাবে মিডিয়া তৈরি করে বসাবেন আর গাছকে খাবারের যোগান কিভাবে দেবেন এটার আইডিয়া হয়ে গেলে এর মতো কষ্টসহিষ্ণু আর সোজাসাপ্টা গাছ আর হয় না। খুব কম যত্নের গাছ , কিন্তু সঠিক যত্নটা জানা চাই।
টিউবার নিয়ে এসে স্প্রাউট করিয়ে শুধু মাটিতে পুঁতে দিলেও এই গাছ ফুল দেবে , তবে দুর্দান্ত গাছ আর দুর্দান্ত ফুল পেতে হলে কারো একটা ল্যাজ ধরে থাকুন , যে জিনিসটা জানে।
© গাছপাকা।

গাছ নিয়ে এইরকম মূল্যবান টিপস সরাসরি আপনার হোয়াটস্যাপ একাউন্টে পেতে আমাদের "গাছের পাঠশালায়" ভর্তি হতে পারেন। এই পাঠশালায় রোজ গাছ নিয়ে ছোটো ছোটো টিপস শেয়ার করা হয়। খুব সহজে ,কম যত্নে আর কম খরচে গাছ করা সম্ভব ! ভালো গাছ করাটা কোনো রকেট সাইন্স না , কিন্তু সঠিক যত্নটা জানা দরকার আর চর্চায় থাকাটা দরকার।

আমাদের হোয়াটস্যাপ গ্রুপ।

আমাদের হোয়াটস্যাপ গ্রুপ “গাছপাকার গাছের পাঠশালা” ।রোজ একটু একটু করে গাছ করা শিখতে এই গ্রুপে জয়েন করুন।

আমাদের ফেসবুক পেজ।

আমাদের ফেসবুক পেজ “গাছপাকা” । গাছ নিয়ে বিস্তারিত জানতে এই পেজটি ফলো করতে পারেন।

আমাদের ফেসবুক গ্রুপ।

আমাদের ফেসবুক গ্রুপ “গাছের সমস্যার সমাধান ” । আপনার গাছের সমস্যায় পরামর্শ চাইতে এই গ্রুপে পোস্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
× Whatsapp